মহিলা পরিষদের আলোচনাসভা

‘পরিবারের কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে’

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৫৫

কর্মরত নারীরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছেন। যারা নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তারা নানা বাধা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন। পুরুষের মতো নারীরাও একই ধরনের কাজ করছেন। কিন্তু ঘরের পারিশ্রমিকবিহীন কাজ নারীরা বেশি করছেন। নারী অনেক বেশি শ্রম বাজারে আনলেও পুরুষ ঘরের কাজে সহযোগিতা করছে কম। তাই সমতা বাড়াতে, নেতৃত্ব তৈরিতে ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। বাংলাদেশ মহিলা পরিষদ এ আলোচনাসভার আয়োজন করে। গতকাল মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘নারী নেতৃত্বের বিকাশ ও সমতাপূর্ণ ভবিষ্যত্ গড়ার অঙ্গীকার :তরুণ প্রজন্মের ভাবনা’ বিষয়ক আলোচনাসভা অনলাইনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। আরো বক্তব্য রাখেন সাংবাদিক, নার্স, আইনজীবী, মানবাধিকার কর্মীর তরুণ প্রজন্ম।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, পিতৃতান্ত্রিক কাঠামো যে নারীর অধঃস্তনতার জন্য দায়ী এটি সকলকে বুঝাতে হবে। এর প্রতিরোধে কাজ করতে হবে। প্রত্যকের নিজ নিজ জায়গা থেকে নারী অধিকার প্রশ্নে সোচ্চার হলে নারী আন্দোলন শক্তিশালী হবে। উন্নয়নকে টেকসই করতে হলে নারী নির্যাতন প্রতিরোধ করা এখনকার সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. মালেকা বানু বলেন, নারী আন্দোলনের ফলে নারীবান্ধব অনেক দাবি আদায় হয়েছে। তবে মূল যে বিষয়টি নারীকে মর্যাদা দেওয়া, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এখনো হয়নি। বক্তারা বলেন, নারী নেতৃত্বের বিকাশ তৃণমূল থেকেই শুরু করতে হবে। নেতৃত্বদানের সদিচ্ছা নারীদের মধ্যে গড়ে তুলতে হবে। অনলাইন আলোচনাসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর কমিটির সদস্য শাফকাত আলম আঁখি।