রেলের অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৫৫

বাংলাদেশের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একই সঙ্গে তাদের সঙ্গে রেলের যে ব্যাবসায়িক সম্পর্ক সেটিও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তাই যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান তিনি। গতকাল রেলভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রেলপথ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় বাংলাদেশ রেলওয়েতে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সে সব বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে রেলপথ মন্ত্রী বলেন, আমেরিকার প্রগ্রেস রেল থেকে লোকোমোটিভ কিনেছি। এরই মধ্যে তা সরবরাহ শুরু হয়েছে। ৪০টির মধ্যে চট্টগ্রাম বন্দরে আটটি লোকোমোটিভ এসে পৌঁছেছে।

তিনি বলেন, রেলওয়ের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়েছে। আমেরিকার ব্যাবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে পারে। এদেশে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কারখানা নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে রেলের উন্নয়নে যুক্তরাষ্ট্র শরিক হতে চায় বলে জানান তিনি।

হুন্দাই ১০টি লোকোমোটিভ সরবরাহ করেছে এবং অভিযোগ আসছে চুক্তি অনুযায়ী তা সরবরাহ করা হয়নি— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, এ বিষয়ে একটি কারিগরি কমিটি করা হয়েছে। চুক্তি অনুযায়ী এ লোকোমোটিভ আনা হয়েছে কিনা তা কমিটির প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।