নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার আসামি ভ্রমর কারাগারে

আপডেট : ১০ মার্চ ২০২১, ২১:৫৫

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুলতান শওকত ভ্রমর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট মো. কাওছার আলমের আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়। আত্মসমর্পণের বিষয় কোর্ট পুলিশের উপপরিদর্শক আজমল নিশ্চিত করেছেন। সুলতান শওকত ভ্রমর ২০১৩ সালের ১২ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে উল্লেখ করেছিল, ত্বকী হত্যার নেতৃত্বে ছিলেন আজমেরী ওসমান। তবে ১৬ দিন পর অর্থাত্ ২৮ নভেম্বর ভ্রমর তার জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। ২০১৪ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই নারায়ণগঞ্জ ও পরে দেশ ত্যাগ করেন ভ্রমর। আদালত ইতিমধ্যে ভ্রমরের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি রেখেছে। সবশেষ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার অভিযোগপত্র দাখিল করতে যে আবেদন করা হয়েছে সেটা না মঞ্জুর করেছে আদালত। তবে আসামিদের গ্রেফতারে কোনো বাধা নেই বলেছেন আদালত। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী শহরের পুরাতন কোর্ট এলাকার বাসা থেকে সুধীজন পাঠাগারে যাওয়ার পথে অপহূত হয় ও ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাটের সামনের খালে মৃতদেহ পাওয়া যায়।