জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ তিন দিনের শুভেচ্ছা সফর শেষে বুধবার মোংলা বন্দর ত্যাগ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে বিদায় জানায়। এ সময় অধিনায়ক বানৌজা মোংলাসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তারা কমান্ডার খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ নৌকমান্ডোগণদের সঙ্গে কুশল বিনিময় করেন। —আইএসপিআর
