দুই মাস পর শনাক্ত হাজার ছাড়াল

আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:০৪

দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই মাস পর হাজার ছাড়াল। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয় আরো ১ হাজার ১৮ জন। এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেদিনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।

সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও বাড়ছে। মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরো সাত জনের মৃত্যু হওয়ায় সব মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৪৯৬ জনে পৌঁছাল। আর গত এক দিনে আরো ১ হাজার ১৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ১৮ হাজার ৮৮টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৮২টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে চার জন পুরুষ ও তিন জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের তিন জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। তিন জনর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে চার জন ঢাকা বিভাগের, দুই জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।