তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেওয়া যাবে না।’
গতকাল বুধবার বিকালে জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ময়দানে আয়োজিত এ সম্মেলনে তথ্যমন্ত্রী বিএনপি প্রসঙ্গে বলেন, ‘জনগণের ওপর বিএনপির আস্থা নেই। সেজন্য জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।’ দেশের উন্নয়ন বিএনপি দেখতে পায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না, কিন্তু পদ্মা সেতু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে, তিনি দেশে বিধবা, স্বামীপরিত্যক্তা ও বয়স্কদের জন্য ভাতা চালু করেছেন, ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন বিশ্বে এখন রোল মডেল।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদের মণ্ডলের সভাপতিত্বে সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
