যশোর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর কার্যালয় থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনি কার্যালয় থেকে এদের আটক করে। আটককৃতরা হলো—প্রার্থী রবিউল ইসলাম রবির ছেলে শুভ (২৮) ও তার সহযোগী সবুজ (২৭), হিমেল (২০) ও রায়হান (২৮)। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি চাকু ও ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা চিহ্নিত সন্ত্রাসী ম্যানসেল বাহিনীর সদস্য।
পুলিশ জানায়, গোপন সূত্রে সন্ত্রাসী শুভসহ একটি চক্র এরশাদ আলী নামে এক বৃদ্ধকে চাঁদার দাবিতে আটকে রাখার খবর জানতে পেরে ঐ নির্বাচনি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় শুভসহ চার জনকে আটক এবং উদ্ধার করা হয় এরশাদ আলীকে।
