হবিগঞ্জে ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:০৬

বানিয়াচংয়ে ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত মারজানা আক্তার ইকরাম গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে বাড়ির একটি ঘরে একা ঘুমাচ্ছিল মারজানা আক্তার। পরে গতকাল ভোরে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে রেখে যায়। সকালে পার্শ্ববর্তী বাড়ির একজন তাকে ডাকতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন গিয়ে মারজানাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ     ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, মেয়েটি বা তার পরিবার এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। তাদের সঙ্গে বারবার কথা বললেও তারা বলছে পরে জানাবে। পুলিশ ইতিমধ্যে বিষয়টির রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এটি প্রেমের সম্পর্কের জের হতে পারে।