বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণমুক্ত সমাজ, কৃষি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন। তিনি সমাজের অবহেলিত ও বঞ্চিত শ্রেনীর কথা ভাবতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে মৌলিক আরো গবেষণা হওয়ার প্রয়োজন। একজন মানুষ কীভাবে আপামর জনতার মন জয় করেছেন, জনগণের কাছে তার উন্নয়নদর্শন পৌঁছে দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর ‘রিডিংস ইন বাংলাদেশ ডেভেলপমেন্ট’ বইয়ের প্রকাশনা উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনলাইনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন প্রমুখ। সংস্থার মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ সভা সঞ্চালনা করেন। ড. কাজী খলীকুজ্জমান বলেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল আত্মবিশ্বাস, অত্মত্যাগ, প্রত্যয়, লক্ষ্যে অটল থাকা ও লক্ষ্য অর্জনে অক্লান্ত পরিশ্রম করা। এগুলো অন্তরে ধারণ করলে এবং সে অনুযায়ী কাজ করলেই হবে তার প্রতি প্রকৃত ভালোবাসা।
