লামায় বন্য হাতির আক্রমণে হাজেরা বেগম (৪২) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার আজিজনগর ইউনিয়নে গরুরলোডা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই এলাকার নুরু মিয়ার স্ত্রী। এই নিয়ে আজিজনগর এলাকায় গত ১৫ দিনে বন্য হাতির আক্রমণে তিন নারীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, হাজেরা বেগম মোস্তফা গ্রুপের রাবার বাগানে কাজ করত। গতকাল সকালে রাবার বাগানে কাজ করতে যাওয়ার সময় হাতির সামনে পড়ে যান তিনি। এ সময় বন্য হাতি আছড়িয়ে হাজেরা বেগমকে গুরুতর আহত করে। লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন।
