শ্রেণিকক্ষে পড়া না পারায় নান্দাইলে এক মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক শফিকুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নূরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র নির্যাতনের এ ঘটনা ঘটলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এই কারাদণ্ড প্রদান করেন। মাদ্রাসাছাত্র সাব্বির হোসেন (১০) পৌরসভার কাটালীপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে এবং শিক্ষক শফিকুল ইসলামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার কুমুরিয়ারচর গ্রামে।
সাব্বিরের বাবা জুয়েল মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে দেখেন ছেলের মাথা থেকে পা পর্যন্ত ফোলা দাগ। তারপর তিনি বিষয়টি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষক শিশুটিকে শারীরিকভাবে নির্মম নির্যাতন করে। এজন্য বেতসহ তাকে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকনউদ্দীন আহম্মদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী ছিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।
