রংপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার পর আপত্তিকর ভিডিও ভাইরাল

আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:১২

বদরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) বিষপানে আত্মহত্যার পর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৫ জানুয়ারি মেয়েটির আত্মহত্যার পর রংপুর কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা হয়। তবে সে সময় আত্মহত্যার কারণ জানা যায়নি। কিন্তু মেয়েটির মৃত্যুর পর এলাকার হাফিজুর রহমান (৩০) নামে এক যুবকের সঙ্গে আপত্তিকর একটি ভিডিও ফাঁস হয়। এই ভিডিওটি ভাইরালের ১৩ দিন পর গত মঙ্গলবার রাতে বদরগঞ্জ থানার এস আই অলিউল রহমান বাদী হয়ে থানায় মামলাটি করেন। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এলাকাবাসী জানান, উপজেলার কাঁচাবাড়ি গ্রামের সংখ্যালঘু পরিবারের ঐ মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করতে হাফিজুর ভিডিওটি ধারণ করে। এ নিয়ে ক্ষোভে-লজ্জায় মেয়েটি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয় বলে তারা জানান। ৪ মিনিট ২৩ সেকেন্ডের ঐ ভিডিওতে ঐ এলাকার সাবেক ইউপি সদস্য ইউনুছ আলীর ছেলে হাফিজুরকে দেখা যায়। অভিযোগ উঠেছে বিপুল আর হাফিজুর দুই বন্ধু মিলে এ ভিডিওটি ধারণ করে।