প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সাক্ষাত্কার ব্রিটেনের মানুষকে দুইভাবে বিভক্ত করে দিয়েছে। এক অংশের মতে, তারা যা বলেছেন, তা ঠিক। অন্য অংশ মনে করে, রানি এলিজাবেথ ও রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের সমালোচনা অনুচিত। মেগানের সাক্ষাত্কার নিয়ে মন্তব্য করায় ব্রিটেনের আইটিভির এক উপস্থাপককে বিদায় নিতে হয়েছে। মেগান নিজেও আইটিভি কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। খবর সিএনএন ও ডয়চেভেলের
অপরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে মেগান জানিয়েছিলেন, রাজপরিবারে তিনি একাকিত্ববোধ করেছেন। পরিস্থিতি এতটা খারাপ হয় যে অন্তঃসত্ত্বা অবস্থায়ই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। বাকিংহাম প্যালেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সমাধান পাননি তিনি। পরদিন ৮ মার্চ নিজের শোতে মর্গান বলেন, ‘আপনি কার কাছে গেছেন? তারা আপনাকে কী বলেছেন? দুঃখিত, আমি বিশ্বাস করি না তার (মেগান) কথা।’ আইটিভিতে তার শো ‘গুড মর্নিং’-এর প্রচুর ব্রিটিশ দর্শক তো বটেই, সহসঞ্চালকেরাও তার এই মন্তব্যের প্রতিবাদ করেছেন। তার বিরুদ্ধে ৪০ হাজার অভিযোগ রেগুলেটরের কাছে জমা পড়েছে। ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম এ বিষয়ে তদন্ত করলে মর্গানের বিদায়ের বিষয়টি এক ঘোষণায় নিশ্চিত করে আইটিভি। গতকাল বুধবার সকালে এক টুইটার বার্তায় পিয়ার্স মর্গান বলেন, ‘মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে। হ্যারি ও মেগান দম্পতির সম্প্রচারিত সাক্ষাত্কারে আমি আমার মতামত তুলে ধরেছি শুধু।’ মর্গান ছয় বছর ধরে শোটি উপস্থাপনা করে আসছেন।
