এসএমএসে জানা যাবে মামলার তারিখ

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৩৫

আদালতে যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যমান সমন জারি পদ্ধতির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফৌজদারি মামলার তারিখ জানাবে টেলিটক কোম্পানি। মঙ্গলবার সন্ধ্যায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এ সম্পর্কিত চুক্তি সম্পাদিত হয়। এর ফলে সহজে ও স্বল্প খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত হবে, যার মাধ্যমে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সম্ভব হবে।

আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্মসচিব এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার প্রভাষ চন্দ্র রায় ঐ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ারসহ আইন ও বিচার বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমন জারির কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামী ১৮ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে কুমিল্লা ও নরসিংদী জেলায় পাইলট প্রোগ্রামের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।