ফতুল্লায় অগ্নিদগ্ধ ছয় জনের মধ্যে এক জনের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৩৫

ফতুল্লার পশ্চিম মাসদাইরে ছয় তলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ছয় জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. বিশাল (২৮)। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে বিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিশালের ১৮ মাস বয়সি ছেলে মিনহাজের শরীরের ৪৫ শতাংশ, মেয়ে আফসানার ১০ শতাংশ, স্ত্রী মিতার ১৫ শতাংশ, শ্যালক মাহফুজুলের ৮৫ শতাংশ, আরেক শ্যালক সাব্বিরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।