হত্যাচেষ্টা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ১১ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। এরই মধ্যে গত ১০ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান রন হক সিকদারের বাবা সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। বাবার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ফিরলে গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ রন হক সিকদারকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করলে তিনি জামিন চান। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ১০ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। ঐ জামিনের মেয়াদ আজ বৃদ্ধি করতে আদালতে হাজির হয়ে আবেদন করেন তিনি। তবে মামলার বাদী লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম তার জামিন বাতিল চেয়ে আবেদন জানান। উভয় পক্ষের শুনানি নিয়ে ১১ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদালত। এদিকে এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আবেদন করেন রন হক। আবেদনে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার প্রার্থনা করেন। ১১ এপ্রিল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।
