সুপ্রিম কোর্ট বারে উত্সবের আমেজ ভোটগ্রহণ শুরু

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৩৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বার ভবনে গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বেলা ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। নির্বাচনের প্রথম দিনে ২ হাজার ৮২৩ জন আইনজীবী ভোট প্রদান করেছেন। উত্সবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবারও ভোটগ্রহণ চলবে। এরপর ঘোষিত হবে ফল। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। আর ভোটার রয়েছেন ৭ হাজার ৭১৯ জন আইনজীবী। নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক হাইকোর্টের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি এবং অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েল সম্পাদক পদে লড়ছেন। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান সভাপতি পদে এবং সম্পাদক পদে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হয়েছেন। মূল এই দুই প্যানেলের বাইরেও আরো দুটি প্যানেল নির্বাচনে লড়ছে।