ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের কম্পিউটার ও মোবাইল ফোন ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন তার স্ত্রী। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক এসব জিনিসের মালিকানা যাচাই করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আবেদনে মুশতাকের স্ত্রী মাছিহা আক্তার বলেন, ‘মুশতাক মারা যাওয়ায় মামলা চলার সুযোগ নেই। জব্দ করা আলামত তার মালিকানাধীন একটি রেডমি-৫ মোবাইল ও একটি অ্যাপলের সিপিইউ আর মামলার সাক্ষ্য হিসেবে ব্যবহূত হবে না। জব্দ করা আলামতগুলো আমার জিম্মায় দেওয়া একান্ত আবশ্যক।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর ৬ মে লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে র্যাব। বন্দি অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়।
