সাভারে দরপত্র জমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৩৭

সাভার উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল বুধবার সকাল থেকে দুপুরে পর্যন্ত সাভার উপজেলা পরিষদ চত্বরে দরপত্র জমা দেওয়ার সময় বাধা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

থানাপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টি হাট ও একটি ঘাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। পূর্বঘোষিত সময় অনুযায়ী সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে দরপত্র জমা দিতে আসেন দরপত্র দাখিলকারীরা। এ সময় প্রতিটি এলাকা থেকে একাধিক ব্যক্তি দরপত্র জমা দিতে এলেও মূলত আশুলিয়া বাজারের দরপত্র জমাদানকারীরা বাধার সম্মুখীন হয়। এ সময় দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছ করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।