ভারতে পালানো মিয়ানমার পুলিশের ল্যান্স করপোরাল থা পেং জানিয়েছেন, গত ২৭ ফেব্রুয়ারি খামপাত শহরে তাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছিলেন, না মরা পর্যন্ত বিক্ষোভকারীদেরকে গুলি করতে হবে। কিন্তু তিনি এবং তার আরো ছয় সহকর্মী এই নির্দেশনা মানেননি। গত পহেলা মার্চ তারা বাড়ি থেকে পরিবার নিয়ে বের হন এবং ভারতে পালিয়ে আসেন। থা পেং বার্তা সংস্থা রয়টার্সের কাছে সিনিয়র পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেননি। এদিকে ইয়াংগুনে দুটি স্থানে বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের মার্কিন দূতাবাস এসব বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা এবং আরো কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানাতে ব্যর্থ হয়েছে। ব্রিটেনের উত্থাপন করা প্রস্তাবে এই বিষয়গুলো সংশোধন করার দাবি জানিয়েছে চীন, রাশিয়া, ভারত এবং ভিয়েতনাম।
