ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি এখন ভারতের মুম্বাইয়ে

আপডেট : ১১ মার্চ ২০২১, ০৮:৫৬

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে থাকতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাড়িটিরই অনুরূপ একটি বাড়ি তৈরি করা হয়েছে ভারতের মুম্বাইয়ে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিতব্য বায়োপিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ের জন্যেই মুম্বাই ফিল্ম সিটিতে তৈরি করা হয়েছে ৩২ নম্বরের বাড়ি। 

জানা গেছে, বাড়ির ভেতরের একটি দৃশ্যে দেখা যাবে ১৯৭০ এর গোড়ার কথা। খাওয়ার টেবিলে শেখ মুজিবুর রহমান। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা ভাত বেড়ে দিচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না, তার মন খারাপ। উনার মনে পড়ছে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কথা। তাই তিনি বেশ উদাস। ফিল্মসিটির সেটে এভাবেই উঠে আসছে বঙ্গবন্ধুর জীবনের টুকরো ছবি।

সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালের লক্ষ্য, ২৬ মার্চের মধ্যে মুম্বাইয়ের অংশের শুটিং শেষ করে ফেলা। এর পরের কাজটি হবে বাংলাদেশে। নির্মাতা বলেন, ‘যুদ্ধের দৃশ্য আর জনসমাবেশের শুটিং হবে বাংলাদেশে। সেখানকার কাজও যথেষ্ট চ্যালেঞ্জিং।’

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

ইত্তেফাক/এসএ