লোকজ গানে দেবলীনা সুর

আপডেট : ১১ মার্চ ২০২১, ১৬:৪৪

রবিন্দ্রসংগীত শিল্পী হিসাবে সবার কাছে সুপরিচিত হলেও আধুনিক গানও করেন দেবলীনা সুর। পড়েছেন শান্তিনিকেতন ও রবীন্দ্র ভারতীতে। কিন্তু যাত্রা শুরু নিজের মৌলিক অ্যালবাম দিয়ে। তার প্রথম মৌলিক গানের অ্যালবাম জলফড়িং এ একটি ফোক ধাচের গান ‘মাঝির লাগি’ উপহার দেন শ্রোতাদের। এবার বৈশাখী টেলিভিশনের লাইভ মিউজিক্যাল অনুষ্ঠান ‘বৈশাখী ফোক’-এ প্রথমবারের মতো গাইবেন দেবলিনা সুর। তার সঙ্গে থাকবেন সন্দীপন।

দেবলিনা বলেন, প্রথমবারের মতো আমি কোনো আয়োজনে সম্পূর্ণ ফোক গান গাইবো। তাই ভীষণ উচ্ছ্বসিত প্রিয় দর্শকদের জন্য ভালো লাগার কিছু গান গাইবো। আশা করি গানগুলো তাদের ভালো লাগবে।

অনুষ্ঠানটি সম্পর্কে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, লোকগান বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। নিজভূমে বাঙালি জাতি আপন অস্তিত্ব রক্ষায় সহস্র বছরের সংগ্রামের মধ্যদিয়ে সৃষ্টি করেছে নিজস্ব সংস্কৃতি, যা পূর্বপুরুষ দ্বারা পর্যায়ক্রমে বিস্তার লাভ করেছে। আমাদের এই হাজার বছরের সংস্কৃতির ছায়ায় লালিত অসংখ্য লোকগান সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ-দুঃখ, প্রেম, দেহতত্ত্ব ও সৃষ্টি তত্ত্বের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। লোকগানের ঐতিহ্যমণ্ডিত বাংলাদেশের আবহাওয়া ও ভূ-প্রকৃতি সাধারণ মানুষের উদাসী মনকে ভাবুক ও প্রেমিক করে তোলে। সেই উদাসী ও বাউল ভাবের জন্যই বাংলার মাটিতে জন্মেছেন বহু সাধক ও বাউল শিল্পী।

দেহতাত্ত্বিক সাধন ভজন ও গানের কথা, সুর, চিরায়ত বাংলা গানের প্রতি আকৃষ্ট, দোলায়িত ও বিমোহিত করে তোলে গানপ্রিয় মানুষকে। সেই কথা ও সুরের ভাব-রস-মাধুর্য দেশ-বিদেশের সব মানুষকে জানাতে এবং প্রাচীন লোকগানের ভাণ্ডারকে জনগণের মধ্যে সমসাময়িক মিউজিক কম্পোজিশনের মাধ্যমে নতুন আঙ্গিকে সরাসরি তুলে ধরতেই বৈশাখী ফোক অনুষ্ঠানের আয়োজন।

আফরিন অথৈ-এর উপস্থাপনায় আজ (১২ মার্চ) সরাসরি গান গাইবেন দেবলিনা সুর ও সন্দীপন। প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে।