মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হামলার অভিযোগ সাজানো বলে দাবি করেছেন, তৃণমূল সংসদ সদস্য শিশির অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এবং দ্রুত সিবিআই তদন্তের দাবি জানান তিনি।
বুধবার (১০ মার্চ) রাতে বিরুলিয়া বাজারে থাকাকালীনই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, চার থেকে পাঁচজন যুবক পরিকল্পনা করে তাকে ধাক্কা দেয়। যার ফলে পায়ে চোট পান তিনি। রাতেই ফিরে আসেন কলকাতায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন মমতা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি।
চক্রান্তের অভিযোগ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতারা। অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রীর বিরোধী সুর শোনা গেলো তৃণমূল সংসদ সদস্য শিশির অধিকারীর গলায়। তিনি দাবি করলেন, গতকাল নিরাপত্তা-বলয় ভেদ করে একটি পিঁপড়াও মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেনি। যদিও দলনেত্রীর সুস্থতাও কামনা করেছেন শিশির।
হামলার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কীভাবে আঘাত লাগল? কীভাবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বলয় ভেদ করে হামলা চালানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই অভিযোগের সত্যতা যাচাই প্রয়োজন বলেও মন্তব্য করেন দিলীপ। সিবিআই তদন্তের দাবি জানান তিনি।
ইত্তেফাক/এএইচপি
