রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
মিয়ানমারের সন্ত্রাসবিরোধী কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে আরাকান আর্মি। একইসঙ্গে তারা দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে রাজি হয়েছে। তাই সরকারি কাউন্সিল তাদের ওপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। যা বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে কার্যকর হচ্ছে।
২০০৯ সালে রাখাইনে জাতিগত বিদ্রোহী দল আরাকান আর্মি প্রতিষ্ঠা লাভ করে। আর ২০২০ সালের ২৩ মার্চ তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। মিয়ানমারের উত্তর কচিন প্রদেশ থেকে দলটি পরিচালিত হয়ে থাকে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এক বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। কারাবন্দি করা হয় দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন দলের অধিকাংশ নেতাকে। দেশজুড়ে আগামী এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা।
পরবর্তীতে জরুরি অবস্থা ভেঙে রাজপথে নেমে আসে মিয়ানমারের সর্বস্তরের জনতা। অবৈধভাবে ক্ষমতা দখল করা সামরিক সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনে এখন পর্যন্ত পুলিশের গুলিতে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে ২ হাজারের বেশি মানুষকে। এ ছাড়া পুলিশি হেফাজতে সু চির দলের আরও দুই নেতার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/টিএ/এসসিএস
