অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার থাকুন :তথ্যমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৩৩

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কে-ফোর্স অনলাইন সংগঠন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ থেকে পরিচয় গোপন করে কোনো একটা পেজ খুলে কিংবা বিদেশ থেকে অনলাইনে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। এমনও হয় যে, ছেলেকে মেয়ে বা মেয়েকে ছেলে বানিয়ে দেওয়া, জীবিত মানুষ মরে গেছে সেই গুজবও পরিবেশিত হয়। পদ্মা সেতুতে বলি দেওয়ার গুজব রটিয়ে সারা দেশে ছেলেধরা-আতঙ্ক ছড়ানোর অপচেষ্টায় নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। করোনায় দেশে হাজার হাজার লাশ পড়ে থাকার গুজব ছড়ানোর অপচেষ্টা হয়েছে। করোনার টিকা ভারতের টিকা, অন্যদের ওপরে পরীক্ষার জন্য, এই টিকা কোনো কাজ করবে না—এমন গুজবও ছড়ানো হয়েছে। যারা ছড়িয়েছে, তারাই এখন টিকা নিচ্ছে, কেউ কেউ গোপনে নিয়েছে।’ সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকুন। একই সঙ্গে দেশ, সরকার ও মানুষের অর্জনগুলো ফলাওভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন। বাংলাদেশে প্রায় ৭ থেকে ৮ কোটি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। সুতরাং এখানে প্রচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ একটি অপপ্রচার করলে সঙ্গে সঙ্গে সেটির বিরুদ্ধে ঠিক পোস্ট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ।

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন ডিজিটাল বিষয়টি ছিল না, তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। যখন ডিজিটাল বিষয়টি চলে এসেছে এই সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে মানুষকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সেই কারণেই এই আইন, পৃথিবীর অন্যান্য দেশেও তা আছে। তিনি বলেন, দেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে দেখে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি মাহজাবীন খালেদের সভাপতিত্বে সভায় ব্যারিস্টার মো. জাকির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।