শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃত্ এবং আধুনিক ছাপচিত্রের জনক। এছাড়াও তিনি উত্কর্ষমণ্ডিত করেছেন দেশের রেখাচিত্র ও তৈলচিত্রের ভুবনকেও। তারই পরিপ্রেক্ষিতে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ সংগ্রহশালার উদ্বোধন হতে যাচ্ছে আজ। এতে থাকছে প্রিন্টমেকিং স্টুডিও এবং গ্যালারিও। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের সৃজনশীল জীবনের স্মৃতি রক্ষার্থে ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১/এ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে এ সংগ্রহশালা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান চিত্র-সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন। আগামীকাল শনিবার থেকে সফিউদ্দীন শিল্পালয় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য খোলা থাকবে। —প্রেস বিজ্ঞপ্তি
