স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। পালাগান, বাউল গান, গম্ভীরা, যাত্রা, নাটক, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি দিয়ে সাজানো থাকবে এই অনুষ্ঠানমালা। ঢাকাসহ দেশে-বিদেশে উদীচীর প্রায় সাড়ে তিন শতাধিক শাখায় একযোগে চলবে এই অনুষ্ঠানমালা। আগামীকাল শনিবার বিকাল ৫টায় রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হবে এই কর্মসূচি। অনুষ্ঠানমালার অংশ হিসেবে পরের দিন রবিবার বাহাদুর শাহ পার্কে থাকছে পালাগানের আসর। ১৩ এপ্রিল শেষ হবে মাসব্যাপী এই অনুষ্ঠানমালা।
গতকাল বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন উদীচীর নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আরো উপস্থিত ছিলেন সহসভাপতি হাবিবুল আলম, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, শিল্পী আক্তারসহ সংগঠনের বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ।
