খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজুু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তুহিন গাজী। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে। এছাড়া মামলায় রায়ে আট আসামিকে খালাস দেওয়া হয়। আদালত সূত্র জানায়, শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ খুলনা মহানগরীর শের এ বাংলা রোডের আমতলায় একটি বাড়িতে থাকতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান। ১৪ জানুয়ারি রাত থেকে পরের দিন বেলা সোয়া ১১টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা চিত্তরঞ্জন বাইনের বাসার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনায় পরের দিন ১৬ জানুয়ারি নিহতের ছোট ভাই অজ্ঞাতদের আসামি করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
