নালিতাবাড়ী সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের ফসলি জমির মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টারশেলটি বুধবার বিকালে নিষ্ক্রিয় করা হয়েছে। এটি নিষ্ক্রিয় করেন টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেজর নাহিদ শারমিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল দল। নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এটি ১২০ এমএম উচ্চক্ষমতাসম্পন্ন একটি এক্সক্লুসিভ বোমা। সম্ভবত পাক-ভারত যুদ্ধের সময় অথবা মুক্তিযুদ্ধে পাকবাহিনী বোমাটি এ অঞ্চলে ফেলে রেখেছিল। কিন্তু বোমাটি অবিস্ফোরিত থেকে যায়।
উপজেলার কালাকুমা গ্রামের বাসিন্দা সোলেমান, হাসমত ও রবিউল জানান, গত কয়েক দিন আগে স্থানীয় এক ব্যক্তি ভোগাই নদী থেকে নুড়ি পাথর ও বালু তোলার সময় মাটির নিচে মর্টারশেলটি পান এবং দামি কিছু ভেবে বাড়িতে নিয়ে যান। পরে এটি বোমা বুঝতে পেরে আতঙ্কে এলাকার আতর আলীর জমিতে পুঁতে রাখেন। বিষয়টি জানাজানি হলে বিজিবির মাধ্যমে পুলিশ খবর পায়। নালিতাবাড়ী থানাপুলিশ মঙ্গলবার বিকালে বোমাটি উদ্ধার করে।
