নান্দাইলে মারধরে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৩৯

নান্দাইলে ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়ে আম্বিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে গুরুতর আহত আম্বিয়া খাতুনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পূর্ব সৈয়দগাঁও গ্রামের মো. আশ্রব আলীর ছেলে মুর্শেদ আলী পার্শ্ববর্তী চামটা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহজাহানের কাছ থেকে দুই মাস আগে ৫ হাজার টাকা নেয়। এই টাকা নিয়ে বুধবার সন্ধ্যায় সরকার বাড়ির সামনে চামটা-কালেঙ্গা সড়কে শাহজাহান ও মুর্শেদ আলীর মধ্যে মারামারি শুরু হয়। এ সময় মুর্শেদকে লাঠিপেটা করলে মা আম্বিয়া খাতুন ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হন। পরে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।