অবশেষে থাকছেন বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৪২

তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা ইস্যুতে সম্মিলিত পরিষদের প্যানেলের নেতাদের সঙ্গে গত মঙ্গলবার নির্বাচন পরিচালনা বোর্ডের মতবিরোধ হয়। পরবর্তীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার পদত্যাগ করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান। তবে বুধবার রাতেই বিজিএমইএ’র সিনিয়র নেতাদের হস্তক্ষেপে দায়িত্ব পালন করতে রাজি হন অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান থাকছেন বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন। এ বিষয়ে ড. সৈয়দ ফরহাত আনোয়ারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নির্বাচন পরিচালনা বোর্ডের একজন সদস্যও জানিয়েছেন, নির্বাচন পরিচালনায় তিনি থাকছেন।

আগামী ৪ এপ্রিল বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ দুই প্যানেলে ভাগ হয়ে ৩৫ পরিচালক পদের জন্য লড়ছেন প্রার্থীরা।