রূপকথা নয়, ড্রয়ে বিদায় মেসিদের

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৪৩

পরপর দুই দিনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেন এ যুগের দুই ফুটবলীয় মহাতারকা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আর এই দুই দিনের সব আকর্ষণ কেড়ে নিয়ে নিজেদের দলকে শেষ আটে নিয়ে গেছেন দুই বিস্ময়বালক, আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত বুধবার মেসিদের ক্ষুদ্র প্রতিরোধকে অবজ্ঞা করে ১-১ গোলে ড্র করেছে এমবাপের পিএসজি। এতেই শেষ আট নিশ্চিত হয়েছে প্যারিসের দলটির। ওদিকে বুদাপেস্টে প্রথম লেগেরই পুনরাবৃত্তি করেছে লিভারপুল। মোহামেদ সালাহ ও সাদিও মানের গোলে দ্বিতীয় লেগেও রেডবুল লাইপজিগকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে উত্তীর্ণ হয়েছে য়ুর্গেন ক্লপের দল। 

২০১৬-১৭ মৌসুমের মতো আরেকটি রূপকথার আশা নিয়েই হয়তো প্যারিসে পা দিয়েছিল মেসিরা। কিন্তু পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির এমবাপে যেন জানিয়ে দিলেন, ‘আজ রাতে কোনো রূপকথা নয়।’ যদিও এর ৬ মিনিটের মধ্যে ডিবক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার এক শটে মেসি সমতা ফেরালে আবার আশা দেখতে শুরু করে বার্সেলোনা শিবির। মধ্যবিরতির ঠিক আগে বার্সেলোনাও একটি পেনাল্টি পায়। কিন্তু মেসির সেই পেনাল্টি কেইলর নাভাস ফিরিয়ে দিলে আর ম্যাচে ফেরা হয়নি কাতালান দলটির। দ্বিতীয়ার্ধেও সিংহভাগ আক্রমণ বার্সাই করে। কিন্তু গোলরক্ষক নাভাস ও ডিফেন্ডারদের কল্যাণে আর গোল খোয়ায়নি পিএসজি। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে কোয়ার্টারে টিকিট পেয়েছে মউরিসিও পচেত্তিনোর দল।

ওদিকে, ‘ভাড়া করা ঘরের মাঠ’ বুদাপেস্টের পুসকাস এরিনায় সহজ জয় পেয়েছে লিভারপুল। করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা ও জটিলতার জন্য লাইপজিগও এই মাঠেই খেলেছিল তাদের হোম লেগ। সেই লেগে যে­মন সালাহ ও মানের গোলে ২-০ ব্যবধানে জিতেছিল লিভারপুল, মঙ্গলবারের দ্বিতীয় লেগেও একই স্কোরশিট রেখে জিতেছে অলরেডরা। লিগে একের পর এক পরাজয়ে জর্জরিত লিভারপুল তাদের তথাকথিত ‘প্রিয় টুর্নামেন্টে’ উজ্জ্বল পারফরম্যান্স দেওয়া অব্যাহত রাখায় গুঞ্জন উঠছে, তবে কি এবারের আসর জিতেই পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে বর্তমানে লিগ টেবিলে আটে থাকা লিভারপুল? সেই সম্ভাবনাকে একদমই কানে দিচ্ছেন না ম্যানেজার ক্লপ, ‘আমরা পাগল না। এই মৌসুমে আমাদের অবস্থা দেখে এখনো মনে হচ্ছে না আমরা এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব। এখন সামনের ড্রয়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। যার সঙ্গেই খেলা পড়ুক না কেন, সেটা খুবই কঠিন হবে।’