বাফুফের চিঠির জবাব দিচ্ছে না এএফসি

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৪৪

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটা হবে কি হবে না তা জানতে বাফুফে চিঠি দিয়েছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো জবাব আসেনি এএফসি হতে। গতকাল সন্ধ্যায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, তারা ৯ মার্চ রাতে এএফসিকে চিঠি দিয়েছিলেন, ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ ফুটবল দল প্রস্তুত আছে। ম্যাচটির বিষয়ে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। আফগানিস্তান আসলে হোটেল, বিমান, অনুশীলন মাঠ যা কিছু প্রয়োজন তার সবই নাকি প্রস্তুত করে রেখেছে বাফুফে। কিন্তু আফগানিস্তান আগেই জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। এমন কথা শোনার পরও বাফুফে এএফসির অবস্থান জানতে চিঠি দিলেও তার কোনো জবাব পায়নি। বাফুফে এখনো মনে করে তারা খুব দ্রুতই একটা জবাব পেয়ে যাবে। কিন্তু সেটা কবে ? বলতে পারছে না বাফুফে।

রাশিয়া বিশ্বকাপ বাছাই খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে চাইছিল না। বাফুফে অস্ট্রেলিয়াকে আনিয়েছিল। গৌরব অর্জন করেছিল সাংগঠনিক লড়াইয়ে। আর এখন আফগানিস্তান মুখের ওপর বলে দিচ্ছে তারা আসবে না। আফগান ফুটবলাররা ইউরোপের বিভিন্ন দেশ হতে আসবে। তাই নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে বাংলাদেশে এসে ম্যাচ খেলতে চায় না আফগানিস্তান। এমন খোঁড়া অজুহাত দেখিয়ে টালবাহানা করছে আফগানিস্তান। শেষ পর্যন্ত যদি না-ই আসে তাহলে বাংলাদেশ অন্য কোনো দেশে গিয়ে গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবে। দুটি ম্যাচ জুনে হবে কাতারে। হয়তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও সেখানে হতে পারে। তাই যদি হয় তাহলে অস্ট্রেলিয়াকে আনার যে গৌরব তা আর থাকবে না।

বাফুফে ধরেই নিচ্ছে আফগানিস্তান যদি না আসে তাহলে নেপালের টুর্নামেন্টে খেলবে। সেই প্রস্তুতি নিয়ে ১৮ মার্চ সকালে নেপালে যাওয়ার বিমান নিশ্চিত করেছে। আবু নাঈম সোহাগ জানিয়েছেন, তারা বাংলাদেশ বিমানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন ফ্লাইট যাবে কাঠমান্ডু। দশরথের স্টেডিয়ামে খেলা হবে। ২৩, ২৫ এবং ২৭ মার্চ বাংলাদেশের তিনটি ম্যাচ। ২৯ মার্চ ফাইনাল।  ১৩ মার্চ জাতীয় দল ডাকা হয়েছে। ১৪ মার্চ ২৪ জন ফুটবলারের অনুশীলন শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।