সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল করোনা আতঙ্কে। চট্টগ্রামে পরের দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে সাইফ হাসানের দল। আজ সিরিজের চতুর্থ ওয়ানডে তাই স্বাগতিকদের জন্য সিরিজ জয় নিশ্চিত করার মঞ্চ। মিরপুরে আইরিশদের বিপক্ষে আজ জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবে ইমার্জিং দল।
চট্টগ্রামে শেষ দুই ম্যাচেই ছয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয় এনে দেওয়া শামীম পাটোয়ারি গতকাল বলেছেন, আজই সিরিজ নিজেদের করে নিতে চান। বাঁ-হাতি এ ব্যাটসম্যান বলেছেন, ‘আমাদের টিমটা অনেক ভালো। আমরা যেহেতু প্রথম দুইটা ম্যাচ জিতছি, আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। আমরা চাইব কালকের (আজ) ম্যাচটা জিততে।’
ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, সাকিব আল হাসানের অনুসারী শামীম ‘ফিনিশার’ ভূমিকা উপভোগ করছেন। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমার পজিশন নাম্বার সিক্স। আমি চাই যে, ফিনিশ করতে যেভাবেই হোক আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার টার্গেট থাকে।’ ফিল্ডিংয়ে কিংবদন্তি জন্টি রোডসকে অনুসরণ করেন তিনি। আইরিশদের বিরুদ্ধে দারুণ ছন্দে আছেন শামীম। যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য এ বাঁ-হাতি ব্যাটসম্যান তিন ইনিংসে অপরাজিত ছিলেন ১১৯ রানে, করেছেন (২২, ৫৩, ৪৪) রান।
