সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ জেতার পর ঘরের মাঠে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে গিয়ে কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ দল, ম্যানচেস্টার সিটি। ওদিকে লা লিগা লিডার অ্যাটলেটিকো মাদ্রিদও একই দিনে পয়েন্ট হারিয়েছিল নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। ডার্বির লজ্জাকে পিছনে ফেলে আবারও জয়ের ধারায় ফিরেছে সিটি, অ্যাটলেটিকো। ইতিহাদ স্টেডিয়ামে লিগের ম্যাচে গত বুধবার কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহরেজ দুই জনই জোড়া গোল করায় সাউদাম্পটনের বিপক্ষে ৫-২ ব্যবধানের বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার সিটি। দুইয়ে থাকা ইউনাইটেডের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে এখন শীর্ষস্থানে অবস্থান করছে আকাশী নীলরা। ওদিকে পিছিয়ে গিয়েও মার্কোস য়ুরেন্তে ও লুইস সুয়ারেজের গোলে অ্যাথলেটিকো বিলবাওকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। এই জয়ে দুইয়ে থাকা বার্সেলোনার সঙ্গে আবারও ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে মাদ্রিদের দলটি।
