উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৫০

বাংলাদেশে করোনা মহামারির এক বছর অতিক্রান্ত। টিকাদান কর্মসূচির পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক যাতায়াত এবং কর্মব্যস্ততা বেড়েছে। কিন্তু অধিকাংশ মানুষ নির্দেশিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলেছে। গণপরিবহন, হাট-বাজার ও পর্যটনকেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই বললেই চলে। এছাড়া অনেকে যেমন মাস্ক ব্যবহারে উদাসীন, তেমনি যাঁরা করছেন তাঁদেরও অনেকে যথা নিয়মে তা ব্যবহার করছেন না। টিকা গ্রহণের পরও নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের কথা বলা হলেও তা উপেক্ষিত। ফলে গত কয়েকদিন ধরে সংক্রমণের হার হঠাত্ বেড়েছে। টিকার ১ম মাত্রা গ্রহণের পরও কিছু মানুষের করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। তাই যে কোনো অবস্থায় নির্দেশিত স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা সংক্রমণ পরিস্থিতির অবনতি এবং মৃত্যুঝুঁকি বাড়িয়ে জীবনযাত্রাকে আবার অস্বাভাবিক করতে পারে। এ অবস্থায়, উপযুক্ত ব্যক্তিদের টিকা গ্রহণের পাশাপাশি সবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনকেও মনোযোগ বাড়াতে হবে।

আবু ফারুক

বনরুপা পাড়া, বান্দরবান