পরিবেশদূষণের সবচেয়ে উল্লেখযোগ্য একটি কারণ হলো শব্দদূষণ। গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটার প্রতি মানুষের ভাবনা শূন্যের কোঠায়। নানাবিধ কারণে এই শব্দদূষণ হয়ে থাকে। যেমন কনসার্ট, পার্টি, রাজনৈতিক সভা, হর্ন, কলকারখানার শব্দ ইত্যাদি। শহরের বিভিন্ন জায়গায় প্রতি ১০ মিনিটে ১০০০ বারেরও বেশি বার হর্ন বাজানো হয়। এতে চরম ভোগান্তির সম্মুখীন হন বয়স্ক ও শিশুরা। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত অবিরাম শব্দ মানুষের স্বাভাবিক ঘুম এবং শ্রবণক্ষমতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। অকারণে হর্ন বাজানো শব্দদূষণের একটি অন্যতম কারণ। তীব্র শব্দ কানের পর্দাতে বেশ জোরে ধাক্কা দেয়, যা কানের পর্দা নষ্টও করে দিতে পারে। শারীরিক প্রতিক্রিয়া হিসেবে স্মরণশক্তি হ্রাস, মানসিক অবসাদগ্রস্ততা ইত্যাদি হতে পারে। কর্তৃপক্ষীয় কঠোর ব্যবস্থা ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ করা অসম্ভব। সামাজিক সচেতনতা সৃষ্টি করাও জরুরি।
মো. মিলন হোসেন
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
