বুধবার দিবাগত রাতে কটিয়াদী সরকারি হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আকাশ লাদেন (১৭) দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত আবদুল্লাহ বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ পিরিজপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে। এছাড়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত সজিন মিয়া (১৭) জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। ঘটনার পর এলাকাবাসী তাত্ক্ষণিকভাবে দুই হামলাকারীর একজন কৈকুরী গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়াকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। মূল হত্যাকারী সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামে ৪ মার্চ একদল দুর্বৃত্তের প্রহারে মারাত্মকভাবে আহত আল-আমিন (৩২) নামে এক যুবক জহুরুল ইসলাম মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান। জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ৪ মার্চ আল-আমিনকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিহত আল-আমীনের মা জামেনা খাতুন আতর আলীসহ মোট ২৮ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এখনো কেউ গ্রেফতার হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত আবদুল্লাহ আকাশ লাদেন এবং আল-আমিনের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
