করোনায় মারা গেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:৫২

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা ভাইরাসের টিকা নেওয়ার ২৯ দিন পর গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। করোনা ভাইরাস ছাড়া আর কোনো শারীরিক সমস্যা ছিল না তার। আজ শুক্রবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে তার মরদেহ ফেঞ্চুগঞ্জে নেওয়া হবে। বিকাল ৫টায় বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মাহমুদ উস সামাদ চৌধুরীকে।

করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি                 মাহমুদ উস সামাদ চৌধুরী। গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে টিকা নিয়েছিলেন এই সংসদ সদস্য। সে সময় তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এরপর ৭ই মার্চ হঠাত্ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি প্রমুখ।

জেপির শোক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল এক শোক বার্তায় জেপি নেতৃদ্বয় বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতা ও পার্লামেন্টারিয়ানকে হারাল। নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। পরের দুই নির্বাচনেও এ আসন থেকে নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। শেখ রাসেল শিশুকিশোর পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মাহমুদ উস সামাদ চৌধুরীর বাড়ি ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামে।

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা জানান, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাজার নামাজ আজ শুক্রবার বিকাল ৫টায় ফেঞ্চুগঞ্জস্থ কাশিম আলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। আরো শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পার্টি-জেপির জেলা সভাপতি ইফতাখার আহমদ লিমন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল করিম আকবরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম প্রমুখ।