দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্তের সংখ্যা টানা দুই দিন হাজারের ওপরে রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৫১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ছয় জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৩০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ৯২০ জন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৯টি ল্যাবে ১৮ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৩০ হাজার ৫০৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৮৫ হাজার ২২টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের সবাই পুরুষ এবং সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের পাঁচ জনের বয়স ৬০ বছরের বেশি এবং এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল।
