নিখোঁজের পাঁচ মাস পর ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:৫৭

নিখোঁজের পাঁচ মাস পর মো. শফিকুল ইসলাম (২৪) নামে এক ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নওগাঁ গ্রামের একটি লেবুবাগান থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। শফিকুল ওয়ার্শি ইউনিয়নের নতুন কহেলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় দুই ঘাতককে গ্রেফতার করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন এবং শফিকুলের চাচা মো. শিপন মিয়া জানান, ২০২০ সালের ২০ নভেম্বর ভ্যান চালাতে গিয়ে শফিকুল নিখোঁজ হয়। খোঁজাখ্্ুঁজি করেও শফিকুলকে না পেয়ে শিপন মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে দীর্ঘ ৫ মাসেও শফিকুলের কোনো সন্ধান না পেয়ে গত ৫ মার্চ তার মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে মির্জাপুর থানা পুলিশ গতকাল শফিকুলের কঙ্কাল উদ্ধার করে। শফিকুলের পরিবারের দাবি, এলাকার মাদকসেবী ও নেশাখোর একটি চক্র তাকে অপহরণের পর ভ্যানের ব্যাটারি ও টাকা পয়সা নিয়ে খুন করে লাশ গুম করে রেখেছিল। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এক জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্তের স্বার্থে দুই যুবকের নাম প্রকাশ করা হয়নি।