পবিত্র শবেমেরাজ পালিত

আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:১৬

যথাযোগ্য মর্যাদায় গতকাল রাতে সারা দেশে পবিত্র শবেমেরাজ পালিত হয়েছে। এদিন রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদ, খানকাহ, দরবার এবং মাজারে ওয়াজ, নফল নামাজ, জিকির-আযকার, কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনেকে নফল নিয়তে দিবাভাগে রোজা রাখেন। মুসল্লিরা দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এই দিন রাতে মহানবি হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে আরশে আজিমে গমন করেন। এই রাত্রিতে উম্মতে মুহাম্মাদির প্রতি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। মেরাজের তারিখ নিয়ে ইসলামে মতভেদ থাকলেও বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ২৬ রজব দিবাগত রাতে এই দিবসটি পালিত হয়ে আসছে।

মেরাজের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাত্পর্যবহ। পবিত্র শবেমেরাজ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ। প্রসঙ্গত উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার কারণে গত বছর শবেমেরাজের কোনো আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।