সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, গণনা আজ

আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:১৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে আটটি ব্যালট বাক্স স্বাক্ষরসহ সিলগালা করে সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংকের ভল্টে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। আজ শুক্রবার সকাল ৯টায় ভোট গণনার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের নির্বাচন শুরু হয় বুধবার। দুই দিনের ৫ হাজার ৬৭৬ জন আইনজীবী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। ভোটার ছিলেন ৭ হাজার ৭১৯ জন আইনজীবী। নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব কমিটির আহ্বায়ক হয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান। তার নেতৃত্বে নির্বাচন পরিচালনা সাব কমিটি নির্বাচন পরিচালনা করছে।

নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি পদে এবং অ্যাডভোকেট আবদুল আলীম মিয়া জুয়েল সম্পাদক পদে লড়ছেন। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান সভাপতি পদে এবং সম্পাদক পদে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হয়েছেন। মূল এই দুই প্যানেলের বাইরেও আরো দুটি প্যানেল নির্বাচনে লড়ছে। আইনজীবীরা বলছেন, সরকার ও বিএনপি সমর্থিত প্যানেলের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।