করোনাকালে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম প্রশংসিত হয়েছে সারা দেশে। ছাত্রলীগের কার্যক্রমের প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার করোনাকালের মতো সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। গতকাল বৃহস্পতিবার গণভবনে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ দিক-নির্দেশনা প্রদান করেন। ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বরাবরের মতো মাননীয় প্রধানমন্ত্রী এবারও করোনাকালের ছাত্রলীগের কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছাত্রলীগের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে ছাত্রলীগের জেলা কমিটিগুলো নিয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো জেলার কমিটি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের এসব বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন।’
এদিকে গতকাল বিকালে প্রধানমন্ত্রী ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দিক-নির্দেশনা দিয়েছেন বলে দাবি করে অনেকেই। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘সম্মেলনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিছুই বলেননি। একটি মহল সম্মেলনের নাম করে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।’
