রাজধানীর কাঁঠাল বাগানে বক্স কালভার্ট রোডে মোনায়েম ডিস্ট্রিক ভবনের পেছনে টিনশেড বস্তির গরুর খামার অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিমেল বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আশপাশের লোকজন খামার থেকে গরুগুলো নিরাপদে বের করে নিয়ে আসে। এ সময়ের মধ্যে বস্তির গরুর খামারসহ আনুমানিক ৩০টি টিনশেড ঘর পুড়ে যায়।
গরুর খামারের ক্ষতিগ্রস্ত নারী ফারিদা জানান, তারা বেশ কয়েক জন দুস্থ নারী টিনশেড বস্তিতে গরুর খামার গড়ে তুলেছিলেন। খামারের গরুর দুধ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে কিনে নিয়ে যায়। ঘটনার সময় বস্তিও ভেতর থেকে তিনি আগুনের ধোঁয়া দেখতে পান। এরপর হুড়োহুড়ি করে গরুগুলো সবাই উদ্ধার করেন।
