বগুড়ায় জাহাঙ্গীর প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পড়ে থাকা ব্যাগ থেকে কাফনের কাপড়, আতর-সুরমা পাওয়া গেছে।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের দোড়াবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের একটি ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হন। জাহাঙ্গীর দোড়াবাড়িয়া গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। এছাড়াও মাঝে মাঝে তিনি ভ্যানও চালাতেন।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, জাহাঙ্গীর বৃহস্পতিবার সকালে তার ছোট ভাইয়ের কাছে কোনো কারণ ছাড়াই ক্ষমা চেয়ে নেন। এরপর বিকেলে তার স্ত্রীর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। টাকা দিয়ে জাহাঙ্গীর কাফনের কাপড়, আতর, সুরমাসহ লাশ দাফনের জন্যে যা কিছু প্রয়োজন হয় সবই কিনেন।
এসব কিনে তিনি তার ব্যাগেই রেখেছিলেন। তার ব্যাগ থেকে এসব পাওয়া গেছে। জাহাঙ্গীর ওই ব্যাগ নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন।
ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি জাহাঙ্গীর বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসজেড
