ঈশ্বরদীতে হর-মুন্ড মালিনী উৎসব

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৯:৩৯

ঈশ্বরদী পৌর শ্মশানে দুই দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্মশানের ৬ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে বিগত বছর গুলোর মতো এবারও দেশের একমাত্র হর-মুন্ড মালিনী উৎসবে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের সমাগম হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে চার পহর ব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ মার্চ ) সকাল ১১টায় শিব চতুর্দ্দশীতে শ্মশানের শিব মন্দিরে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুরে থেকে শুরু হয় ভক্ত সেবা। হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। রাতে শ্মশান কালী পূজার আয়োজন করা হয়।

হর-মুন্ড মালিনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। 

শ্মশান কমিটির সভাপতি অধ্যাপক উদয় নাথ লাহিড়ী  সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবতী ।

ইত্তেফাক/এসজেড