স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে হারিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। পরে বন্দরনগরীতে টানা দুই ওয়ানডে জিতে ঢাকায় ফিরে স্বাগতিকরা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের কাজটাও সম্পন্ন করেছে সাইফ হাসানের দল। এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ তে সিরিজ নিশ্চিত করলো ইমার্জিং দল।
গতকাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে সাইফ বাহিনী। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরে দুই ম্যাচের টি-২০ সিরিজও খেলবে দুই দল।
মিরপুরে টসে হেরে আগে ব্যাট করা আয়ারল্যান্ড উলভস ৪৬.২ ওভারে ১৮২ রানে অলআউট হয়। সকালে নতুন বলে সফরকারীদের ব্যাটিং লাইন কাঁপিয়ে দেন ইমার্জিং দলের পেসার সুমন খান। তার বোলিং তোপে ৫৪ রানে ৪ উইকেট হারায় দলটি। ১১তম ওভারে পরপর দুই বলে লালোর (১৬) ও অধিনায়ক হ্যারি টেক্টরকে (০) ফেরান ডানহাতি এ পেসার। ক্যাম্পারকে তৃতীয় শিকার বানান ১৩তম ওভারে।
পঞ্চম উইকেটে মার্ক অ্যাডেইর ও লরকান টাকার ৪৬ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। অ্যাডেইরকে এলবির ফাঁদে ফেলে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার রাকিবুল। পরে টাকার, ডেলানি দ্রুত ফিরলে ১১২ রানে ৭ উইকেট হারিয়ে বসে আইরিশরা। অষ্টম উইকেটে রুহান প্রিটোরিয়াস-গ্রাহাম হিউম ৫৭ রানের জুটি গড়লেও দলটির স্কোর ২০০ ছাড়ায়নি।
প্রিটোরিয়াস সাইফের শিকার হলে ভাঙে ঐ জুটি। হিউম একপ্রান্ত আগলে থাকলেও সাইফ হাসান, সুমন খান মিলে প্রতিপক্ষের ইনিংস শেষ করে দেন। দোহেনি ১১, অ্যাডেইর ৪০, টাকার ২৪, প্রিটোরিয়াস ৩৫, হিউম অপরাজিত ২৯ রান করেন। সুমন খান ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। মুকিদুল, সাইফ ও রাকিবুল দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ১০ রানে উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরাও। তানজিদ হাসান তামিম (২), ইয়াসির আলী (২) পিটার চেজের শিকার হয়ে সাজঘরে ফিরেন। পরে মাহমুদুল হাসান জয়, তৌহিদ হূদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ৪১.৩ ওভারে ২ উইকেটে ১৮৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ইমার্জিং দল। তৃতীয় উইকেটে ১৭৬ রানের জুটি গড়েন তারা। জয় ৮০ ও তৌহিদ হূদয় ৮৮ রানে অপরাজিত ছিলেন।
