বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নাটকের অবসান
স্পোর্টস রিপোর্টার
যাক, অবশেষে কাতার বিশ্বকাপ বাছাই ফুটবলে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে নাটকের অবসান হয়েছে। আগামী ২৫ মার্চ বাংলাদেশে আসছে না আফগানিস্তান। সিলেটেও এই ম্যাচ হচ্ছে না। এএফসি হতে পাঠানো একটি নতুন ফিকশ্চার বাফুফে হতে গতকাল প্রকাশ করা হয়েছে। যেখানে ই গ্রুপে বাংলাদেশের সবকয়টি ম্যাচের নতুন সূচি উল্লেখ করা আছে।
গ্রুপে ভারত, আফগানিস্তান, কাতার, ওমান এবং বাংলাদেশের অবশিষ্ট সব খেলার নতুন তারিখ উল্লেখ করা হয়েছে। কোথায় খেলা হবে সেটি প্রকাশ করা হয়নি। এএফসি হতে বলা হয়েছে সব খেলা এক ভেন্যুতে হবে। কোথায় হবে পরে জানানো হবে। পরে জানানোর কথা বলা হলেও বাফুফে যতটুকু জানে তা হচ্ছে কাতারে হওয়ার সম্ভবানাই বেশি। ফুটবল অঙনে এই গুঞ্জন আরো অনেক আগে থেকেই। অনুমিতই ছিল যে, এএফসি হতে ঘোষণা দেওয়া হলে বাফুফে সেখানেই খেলতে যাবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘আপনারা দেখেছেন, আমরা চেষ্টা করেছি। কিন্তু তারা না মানলে আমরা কি করব। এখন এএফসি জানিয়েছে খেলতে হবে।’
ম্যাচের ফিকশ্চার জেনেছেন ইংলিশ কোচ জেমি ডে। হতাশ হলেও বলছিলেন এটাই প্রত্যাশিত। বাংলাদেশে খেলাটা হলে উপভোগ করার সুযোগ পেত দর্শক।
এএফসির ফিকশ্চার পেয়ে বাফুফে একটা স্বস্তিতে ফিরেছে বলা হলেও তারাও ভেতরে ভেতরে জানত আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচটি সিলেটে হবে না। সেটা জেনেই নেপালে টুর্নামেন্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর মুখে মুখে বলছিল তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছে। বাফুফে কখনোই জোর গলায় বলতে পারেনি আমাদের হোম ম্যাচ আমরা আয়োজন করতে চাই। অতিথি দলকে স্থানীয় সুযোগ-সুবিধা যতটুকু পাবে তার চেয়েও বেশি দিয়ে হলেও আমরা এই ম্যাচ আয়োজন করতে চাই। আমাদের দর্শকদের দেখাতে চাই। সিদ্ধান্ত নেওয়ার জন্য এএফসিও বাফুফের দিকে বল ঠেলে দিয়েছিল। আর সেই সুযোগে আফগানিস্তান বলেই দিয়েছিল, তারা বাংলাদেশে আসবে না। অন্য কোনো দেশে যেতে পারলে বাংলাদেশে কেন আসতে পারবে না। বাফুফে নিজেদের শক্ত অবস্থান রাখতে পারেনি যেভাবে অস্ট্রেলিয়াকে ঢাকায় এনেছিল।
গ্রুপে পর্বে বাংলাদেশের তিনটি হোম ম্যাচ বাকি ছিল। ওমানের বিপক্ষে, ভারতের বিপক্ষে দুটি ম্যাচ আগেই ছেড়ে দিয়েছিল। ঝুলে ছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি। সেটাও কাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশে হচ্ছে না। তিনটা ম্যাচই এক ভেন্যুতে হবে।
কাতার বিশ্বকাপ বাছাই বাংলাদেশের অবশিষ্ট ম্যাচ
৩ জুন : বাংলাদেশ ও আফগানিস্তান
ভারত ও কাতার
৭ জুন : ওমান ও কাতার
বাংলাদেশ ও ভারত
১১ জুন : আফগানিস্তান ও ওমান
১৫ জুন : ভারত ও আফগানিস্তান
বাংলাদেশ ও ওমান
