জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিল ইইউ

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:৩৪

এএফপি

বৃহস্পতিবার একক ডোজের জনসন অ্যান্ড জনসনের করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। কোভিড-১৯ প্রতিরোধে ২৭ দেশের জোটটি চতুর্থ ভ্যাকসিন হিসেবে জনসনকে এই অনুমোদন দিল। ধারণা করা হচ্ছে, টিকাদান কার্যক্রমে ইইউর মন্থর অবস্থা থেকে উত্তরণে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। জনসন বলেছে, এপ্রিলের দ্বিতীয়ার্ধে ইইউ ব্লককে ভ্যাকসিন সরবরাহ শুরু করবে এবং ২০২১ সালে ইইউ, নরওয়ে এবং আইসল্যান্ডে ২০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে। আমস্টারডামভিত্তিক ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদনের সুপারিশের পরে ইউরোপিয়ান কমিশন আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনের অনুমোদন দেয়। ইইউ কমিশন প্রধান উরসুলা ভন ডের লেইন এক টুইটে বলেছেন, ‘আরো নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন বাজারে আসছে।’ তিনি বলেন, ‘আমরা ইউরোপিয়ান ইউনিয়নে জে অ্যান্ড জে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছি এবং ভ্যাকসিন ডোজের সরবরাহের আদেশ দিয়েছি। এই বছরে জে অ্যান্ড জের ২০ কোটি ডোজ সরবরাহ পেতে পারি।’

ইইউ প্রতিষ্ঠানটির সঙ্গে ২০ কোটি ডোজ সরবরাহ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং আরো ২০ কোটি ডোজ সরবরাহের প্রস্তাব রয়েছে। জে অ্যান্ড জে ভ্যাকসিন নির্বাচনে ইইউর অগ্রাধিকার পেয়েছে। এই ভ্যাকসিন দুই ডোজের বিপরীতে এক ডোজ দিতে হবে এবং এটির সংরক্ষণ সহজতর। ইইউ জে অ্যান্ড জে ছাড়াও আরো তিনটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে, এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, মর্ডেনা এবং আস্ট্রাজেনিকা-অক্সফোর্ড।